বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
আজ বরিশাল ও ফরিদপুরে নির্বাচনি প্রচারণায় যাচ্ছেন তারেক রহমান
প্রকাশ কাল | বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
তারেক রহমান সফর, তারেক রহমান বরিশাল, তারেক রহমান ফরিদপুর, বিএনপি নির্বাচনি প্রচারণা, ত্রয়োদশ সংসদ নির্বাচন বিএনপি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক । রাজনীতি । Qtv Bangla

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মধ্য দিয়ে ঢাকার বাইরে তার নির্বাচনি প্রচারণা কার্যক্রম শেষ হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান সকাল ১১টায় বিমানযোগে বরিশালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বরিশালে পৌঁছে তিনি বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন।

জনসভা শেষে দুপুর ১টার দিকে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। ফরিদপুর পৌঁছে তিনি রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন। সেখানে বক্তব্য প্রদান শেষে আবার বিমানযোগে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

বিএনপি সূত্র জানায়, এই সফরের মাধ্যমে রাজধানীর বাইরে দলের নির্বাচনি প্রচারণার কর্মসূচি সম্পন্ন হবে। নির্বাচনের শেষ পর্যায়ে এসে দলীয় প্রার্থীদের পক্ষে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতেই এই ধারাবাহিক সফর করছেন বিএনপি চেয়ারম্যান।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান। ওই দিনই তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশে অংশ নেন।

এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম সফরে গিয়ে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে ধারাবাহিক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন। এছাড়া ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত কয়েকটি জনসভায় অংশ নেন তিনি।

২৯ জানুয়ারি থেকে তিনদিনের উত্তরাঞ্চল সফরে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশ করেন। সর্বশেষ সোমবার তিনি খুলনা ও যশোরে নির্বাচনি জনসভায় অংশ নেন।

বিএনপির নেতারা আশা করছেন, এসব সমাবেশের মাধ্যমে দলীয় বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছাবে এবং নির্বাচনে দলের অবস্থান আরও শক্তিশালী হবে।

এই পাতার আরো খবর
Our Like Page