বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
নওগাঁয় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩
প্রকাশ কাল | বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
নওগাঁ বিএনপি জামায়াত সংঘর্ষ, নওগাঁ-৫ নির্বাচন, চক গোপাই সংঘর্ষ, বিএনপি আহত, জামায়াত কর্মী আহত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক । রাজনীতি । Qtv Bangla

নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে নির্বাচনি প্রচারণা চালানোর সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের চক গোপাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে চক গোপাই গ্রামে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রথমে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘর্ষে তাদের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে জামায়াতের দাবি, তাদের আটজন নেতাকর্মী আহত হয়েছেন।

সংঘর্ষে আহত অন্তত পাঁচজনকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— জামায়াত কর্মী হাসাইগাড়ী ইউনিয়নের কাটখইড় গ্রামের হাসান প্রামাণিক (৩৮), একই এলাকার জাহিদ হাসান (২৫), হাসাইগাড়ী গ্রামের মোস্তাফিজুর রহমান (৫৮), চকরামপুর গ্রামের রুস্তম আলী (৪০) এবং ছাত্রদল কর্মী চক গোপাই গ্রামের রাকিব হাসান (২০)।

আহত ছাত্রদল কর্মী রাকিব হাসান অভিযোগ করে বলেন, জামায়াতের কর্মীরা তাদের গ্রামে প্রচারণা চালাচ্ছিলেন। সেখানে গিয়ে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন ছবি তুলছিলেন। এ সময় জামায়াতের লোকজন ছবি তুলতে বাধা দিলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা অতর্কিত হামলা চালায়।

অন্যদিকে নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির আবদুর রহিম বলেন, বিকালে জামায়াতের প্রার্থী আ স ম সায়েমের নেতৃত্বে হাঁসাইগাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করা হয়। চক গোপাই গ্রামে প্রচারণা শেষে প্রার্থী একটি বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় বিএনপির লোকজন পাইপ নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে জামায়াতের আটজন কর্মী আহত হন।

এ বিষয়ে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, জামায়াতের কর্মীরা প্রচারণার সময় গ্রামবাসীর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপি ও ছাত্রদলের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এই পাতার আরো খবর
Our Like Page