নিজস্ব প্রতিবেদক । রাজনীতি । Qtv Bangla
ন্যায় ও ইনসাফভিত্তিক নিরাপদ, সমৃদ্ধ, উন্নত ও মানবিক ঢাকা-৫ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী নুর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্থানীয় জনগণের সামনে ১২ দফাভিত্তিক এই ইশতেহার তুলে ধরেন।
ইশতেহার ঘোষণার সময় মোহাম্মদ কামাল হোসেন বলেন, “সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার রাজনীতির মূল অঙ্গীকার।” তিনি জানান, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তুলতে তার এই ১২ দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।
ইশতেহারে যে ১২টি দফা তুলে ধরা হয় তার মধ্যে রয়েছে—সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং কওমি মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন; সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ গঠন; কর্মহীনতা, ক্ষুধা, দারিদ্র্য, গৃহহীনতা ও চিকিৎসাবঞ্চিত মানুষের সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনা।
এছাড়াও ইশতেহারে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সম্মান-মর্যাদা রক্ষা এবং পুনর্বাসন, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং সম্পূর্ণ নির্মূলের অঙ্গীকার করা হয়। জলাবদ্ধতা নিরসন, খাল খনন, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মশক নিধন ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার প্রতিশ্রুতিও দেন তিনি।
ইশতেহারের অন্যান্য গুরুত্বপূর্ণ দফার মধ্যে রয়েছে—পরিকল্পিত নগরায়ন, আধুনিক হাসপাতাল নির্মাণ ও ২৪ ঘণ্টা জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ; নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, নিরাপদ পানি, গ্যাস ও ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা; স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা ও পরিবারভিত্তিক কর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন।
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে একটি নিরাপদ শহর গড়ে তোলা, বন্ধ কলকারখানা পুনরায় চালু করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
ইশতেহার ঘোষণা শেষে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোহাম্মদ কামাল হোসেন। এ সময় তিনি ইশতেহার বাস্তবায়নে নিজের বিস্তৃত কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর মো. শাহজাহান খান, ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ।


