নিজস্ব প্রতিবেদক । রাজনীতি। Qtv Bangla
জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নুরুজ্জামান বাদল হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুর খবরটি পরিবারের পক্ষ থেকে তার ভাই মাসুদও নিশ্চিত করেছেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় জানানো হয়, জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে দলীয় মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মঙ্গলবার আনুমানিক রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন।
পোস্টে আরও বলা হয়, আল্লাহ তা’য়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
তার মৃত্যুতে শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।


